সিলেটের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৯ মে, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন
দেশের আট বিভাগের মধ্যে পাঁচ বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সিলেটসহ কয়েকটি স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
আবহাওয়াবিদ, তরিফুল নেওয়াজ কবীর বলেন, দেশের কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে। তবে স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ায় বৃষ্টির বিস্তৃতি সীমিত থাকবে এবং অঞ্চলভেদে আবহাওয়ার তারতম্য দেখা যাবে।
তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে একই সময়ে কোনো এলাকায় মেঘলা আকাশ ও বৃষ্টি থাকলেও অন্য এলাকায় তাপমাত্রা বেশি অনুভূত হতে পারে, যা এই মৌসুমে স্বাভাবিক একটি বৈশিষ্ট্য।
আবহাওয়া, সিলেট, বৃষ্টি, বজ্রবৃষ্টি, দমকা হাওয়া, আবহাওয়া অধিদপ্তর