০২ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেটে এসএসসিতে পাস করতে পারেনি ৩২ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ন


এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর পাস করতে পারেনি ৩২ হাজার ১২৮ জন শিক্ষার্থী। যা বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। 


এদিন বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।


সিলেট বোর্ডের ফলাফলের তথ্যমতে, এবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে ১ লক্ষ ২ হাজার ২১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৭০ হাজার ৯১ জন। এ বছর অকৃতকার্য হয়েছে ৩২ হাজার ১২৮ জন। গত বছর ফেল করেছে ২৯ হাজার ৬৭, এর আগের বছর ২০২৩ সালে ফেল করেছে ২৬ হাজার ২২৬, ২০২২ সালে ২৪ হাজার ৪৪৩ জন ও ২০২১ সালে ৩ হাজার ৮৫৩ জন। পরিসংখ্যান বলছে, বিগত ৫ বছরের মধ্যে এ বছরই সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। 


এদিকে এবছর শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বিগত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এবার সিলেট বিভাগের ৭ টি প্রতিষ্ঠান শতাভাগ পাস করতে পেরেছে। যা গত বছর ছিল ৩১টি, ২০২৩ সালে ছিল ২৩ টি, ২০২২ সালে ছিল ২৭ টি এবং ২০২১ সালে ছিল ১৮৫ টি।


এছাড়াও জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেট জেলায় অংশগ্রহণ করা ৪০ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী মধ্যে পাস করেছে ২৯ হাজার ৯৬৯ জন, হবিগঞ্জ জেলায় ১৮ হাজার ১০৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৭৯৫ জন, সুনামগঞ্জ জেলায় ২১ হাজার ২৩৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৫৩৯ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ হাজার ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৩ হাজার ৭৮৮ জন। 


এদিকে, এবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৮০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৮ হাজার ৪৪২ জন। যারমধ্যে ১০ হাজার ৫৪০ জন ছাত্রী এবং ৭ হাজার ৯০২ জন ছাত্র।


মানবিক বিভাগ থেকে এ বছর ৭০ হাজার ৯৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৫ হাজার ৯২৪ জন। এরমধ্যে ২৭ হাজার ৯৬১ জন ছাত্রী এবং ১৭ হাজার ৯৬৩ জন ছাত্র। 


ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এ বছর ৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫ হাজার ৭২৫ জন। এরমধ্যে ২ হাজার ৯০৬ জন ছাত্রী ও ২ হাজার ৮১৯ জন ছাত্র। 


সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, এবছর যেসব বিষয়ে দুর্বলতা পরিলিক্ষিত হয়েছে, সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এসএসসি, ফলাফল, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ