০৪ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

ছাতকে নিরাপদ মহাসড়ক নিশ্চিতে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন


সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা জোরদারে ছাতকের জয়কলস হাইওয়ে থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে থানার ধারণবাজার এলাকায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সার্জেন্ট সম্রাট হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি, ট্রাফিক আইন লঙ্ঘন এবং অনভিজ্ঞ চালকদের দায়ী করেন বক্তারা। তাঁরা বলেন, এসব সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকা জরুরি।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, মহাসড়কের গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার ও পাগলাবাজার এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাটের কারণে যানজট তৈরি হচ্ছে। তাঁরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান।

প্রধান অতিথি'র বক্তব‍্যে পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ একা কিছু করতে পারবে না। পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’ তিনি অবৈধ দখল উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং ভবিষ্যতে নিয়মিত সচেতনতামূলক সভা আয়োজনের প্রতিশ্রুতি দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট আম্বরখানা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রনজিত দত্ত, সুনামগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংবাদিক আবদুল আলিমসহ পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ধারণবাজার জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন সালেহী।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ছাতক, হাইওয়ে পুলিশ, চালক, সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ