১৩ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শেক্সপিয়র স্মরণে এসআইইউ ইংরেজি বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ

উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, “উইলিয়াম শেক্সপিয়রের সৃষ্টিকর্ম শুধু ইংরেজি সাহিত্যের নয় গোটা বিশ্বের সম্পদ। তাঁর রচনা নিয়ে নতুন নতুন গবেষণা আজও চলছে এবং একের পর এক বিস্ময় আবিস্কৃত হচ্ছে। ”

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৫ ২:১৩ অপরাহ্ন

ছবিঃ এসআইইউতে শেক্সপিয়রের জন্ম ও অন্তর্ধান দিবসে অতিথিরা

বর্ণাঢ্য আয়োজনে ব্যতিক্রমী নানা কর্মসূচিতে ইংরেজি তথা বিশ্বসাহিত্যের কিংবদন্তী লেখক, নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রকে স্মরণ করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ইংরেজি বিভাগ। 

শেক্সপিয়রের জন্ম ও অন্তর্ধান দিবস উপলক্ষ্যে দেয়ালিকার মোড়ক উন্মোচন, বিশেষজ্ঞ বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিখ্যাত এ নাট্যকারের জীবন ও কর্মকে স্মরণ করে বিভাগটি।  


বুধবার (২৩ এপ্রিল) সকালে ইংরেজি বিভাগ মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন ও মোড়ক উন্মোচন করেন এসআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। 


উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, উইলিয়াম শেক্সপিয়রের সৃষ্টিকর্ম শুধু ইংরেজি সাহিত্যের নয় গোটা বিশ্বের সম্পদ। তাঁর রচনা নিয়ে নতুন নতুন গবেষণা আজও চলছে এবং একের পর এক বিস্ময় আবিস্কৃত হচ্ছে। 


দেয়ালিকা প্রসঙ্গে উপাচার্য বলেন, দেয়ালপত্রিকা আমাদের সাহিত্যচর্চার অন্যতম মাধ্যম। এর রয়েছে গৌরবজনক অতীত। ইংরেজি বিভাগের এ উদ্যোগকে সৃজনশীল আখ্যা দিয়ে শিক্ষার্থীদের এধরনের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহবান জানান তিনি। 


ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে এবং শেক্সপিয় ডে উদযাপন পর্ষদের আহবায়ক প্রভাষক এস.কে.শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। 


দিনের দ্বিতীয় কর্মসূচিতে ছিল বিশেষজ্ঞ বক্তৃতা। বিভাগের নিয়মিত লেকচার সিরিজ ‘বিয়ন্ড দ্যা ক্লাসরুম:এক্সপার্ট ইনসাইটস’ শিরোনামের এ আয়োজনের সপ্তম আসরটি ছিল উইলিয়াম শেক্সপিয়কে নিয়ে। এ পর্বে ‘শেক্সপিয়রিয়ান স্প্রিং: এ ট্রিবিউট টু বাডস লিগ্যাসি’ শীর্ষক বক্তৃতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর তৈমুর।  


বক্তৃতায় অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর তৈমুর বলেন, শেক্সপিয়রের রচনার আবেদন যুগ যুগান্তর থাকবে। তাঁর জীবনদর্শন, মানব চরিত্রের বিশ্লেষণ, নারী চরিত্রের বৈচিত্র্যময়তা শুধু পাঠ্যক্রমে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে আছে অনুভূতিশীল সকল মানুষের মনে। এজন্য শেক্সপিয়রকে জানা ও গবেষণার কোন বিকল্প নেই।


 এ বক্তৃতা অনুষ্ঠানের শুরুতে অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন 'বিয়ন্ড দ্যা ক্লাসরুম' কর্মসূচির আহবায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। 


বক্তৃতার পর শুরু হয় শেক্সপিয়রের সৃষ্টিকর্ম নিয়ে কুইজ প্রতিযোগিতা। ইংরেজি বিভাগের প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় এবং প্রভাষক মাকসুরা হাশেমের তত্ত্বাবধানে কুইজে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশ নেয়। 


শেক্সপিয়র দিবসের আয়োজন শেষ হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। শেকসপিয়রের সনেট আবৃত্তি এবং তাঁর বিখ্যাত  নাটক 'হ্যামলেট' এর একটি দৃশ্য মঞ্চায়নে অংশ নেয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। 


এছাড়া প্রভাষক অনামিকা সাহার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন প্রভাষক অনুশ্রী কর্মকার। সমস্ত কর্মসূচী শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে পুরো আয়োজনের সমাপ্তি হয়।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মো: খালেদ হোসাইন, ব্যাবসায় অনুষদের ডিন নঈমা মাসউদ নীলা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. রেজাউল কবির, সিএসই বিভাগের প্রধান ওমর ফারুক জাহাঙ্গীর, আইন বিভাগের কো অর্ডিনেটর সামিউর রশিদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শেক্সপিয়র, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ