০৪ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেটে ৫ দফা দাবিতে ট্রাক শ্রমিকদের কর্মবিরতি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ জুলাই, ২০২৫ ১:১৮ অপরাহ্ন


সিলেটের জেলা প্রশাসকের অপসারণ ও সকল পাথর কোয়ারী খুলে দেওয়াসহ ৫ দফা দাবিতে সিলেটে ট্রাক শ্রমিকদের ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে এই কর্মবিরতি চলছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ও আন্তঃজেলা সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।


কর্মবিরতি শুরুর পর দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন স্থানে সর্বাত্মকভাবে পরিবহন ধর্মঘট পালিত হতে দেখা গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করছেন।


কর্মবিরতির মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, পাথর কোয়ারী খুলে দেওয়া, স্টোন ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথরবাহী ট্রাক জব্দ না করা, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ কার্যালয়ে শ্রমিকদের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধ করা ও সিলেটের জেলা প্রশাসকের অপসারণ। 


সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, সিলেটের পাথর কোয়ারির সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবন জড়িত। কোয়ারি বন্ধ থাকায় মানুষ অসহায় হয়ে পড়ছে। এই অবস্থায় সকল কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর সংশ্লিষ্টরা একমত পোষণ করেছেন। এরই প্রেক্ষিতে কর্মবিরতি চলছে। ৪৮ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হবে। 


সিলেটের জেলা প্রশাসকের অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটের মানুষের সেবা করার দায়িত্ব জেলা প্রশাসকের। কিন্তু সিলেট বিদ্বেষী আচরণ করায় আমার তাঁরও অপসারণ দাবি করেছি। আমাদের ৫ দফা দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়বো না।’


উল্লেখ্য, এর আগে গত ২ জুলাই (বুধবার) নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ থেকে আজকের কর্রবিরতির ঘোষণা দেওয়া হয়। তখন আন্দোলনকারীরা সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি মানার আল্টিমেটাম দিয়ে বলেছিলেন, তা না হলে ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পরিবহন ধর্মঘট, সিলেট, পণ‍্য পরিবহন, পাথর কোয়ারী, জেলা প্রশাসক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ