২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

নারী শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় শাবিতে দফায় দফায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জুন, ২০২৫ ৭:২৭ অপরাহ্ন


দুই সহপাঠী কর্তৃক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

শুক্রবার (২০ জুন) দিনভর তিন দফায় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

এসময় দুই ধর্ষকের ফাঁসির দাবি জানান শিক্ষার্থীরা। সেই সাথে অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের দাবিও জানান আন্দোলনকারীরা।

ধর্ষণের ঘটনায় শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর গোলচত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিকাল তিনটায় ভিক্টিম ছাত্রীর ব্যাচমেটরা ও বিকাল ৪টায় 'ভয়েস ফর জাস্টিস'র ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে শাবিপ্রবির দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটক দুইজন হলেন, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ। আটক আদনান ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি।

পুলিশ সুত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনার পর প্রাথমিক সত্যতা মিললে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী সুত্রে জানা যায়, ঈদের আগে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অচেতন করে ধর্ষণ ও ও ভিডিও ধারণ করা হয় বলে ওই শিক্ষার্থী পরে অভিযোগ করেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা মিলে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে পুলিশে সোপর্দ করে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাবিপ্রবি ধর্ষণ, শাবিপ্রবি নারী শিক্ষার্থী নির্যাতন, শাবিপ্রবি আন্দোলন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ধর্ষণ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ