০৪ মে ২০২৬

দৈনন্দিন

রোববার খুলছে অফিস-আদালত, সিলেটে ফিরছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ জুন, ২০২৫ ৮:২৩ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (১৫ জুন) থেকে খুলছে সিলেটের সকল সরকারি অফিস ও আদালত। দীর্ঘ বন্ধের পর প্রথম দিন অফিস করতে কর্মস্থলের উদ্দেশে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। 


ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন শনিবার (১৪ জুন) সকাল থেকে তাঁদেরকে ফের সিলেটে ফিরতে দেখা গেছে। যার কারণে অন্যান্য স্বাভাবিক দিনগুলোর চেয়ে সিলেট রেলস্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের ভীড় বেশি ছিল। 


এদিকে, ঈদের পর নগরীর অলিগলি ফাঁকা থাকলেও শনিবার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল। বিভিন্ন পয়েন্টে যানজটও সৃষ্টি হয়েছে। তবে কর্মজীবীদের নির্বিঘ্নে সিলেট ফেরা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 


বেসরকারি ব্যাংক কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, কাল থেকে অফিস খুলছে। প্রথমদিন স্বস্তিতে অফিস করতে একদিন আগেই খুলনা থেকে সিলেট এসেছেন তিনি। স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করেছেন তিনি। আজ শনিবার ভোরে এসে সিলেটে পৌছেছেন রিয়াজুল। 


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা সরকারি কর্মচারী আখতার উজ জামান বলেন, দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে অফিস শুরু। প্রথমদিন নির্ধারিত সময়ে অফিস করতে আগেরদিন শনিবার সিলেটে ফিরে এসেছি। 


এবছর ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ঈদুল আজহা, ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ