০৫ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ঢাকার হত্যা মামলার আসামী সুনামগঞ্জে গ্রেপ্তার

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৯ অপরাহ্ন


ঢাকার উত্তরখান এলাকায় হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে র‍্যাব-৯ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার আমির হোসেন সুনামগঞ্জ সদর থানার সাফেলা এলাকার বাসিন্দা।


র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ঢাকার উত্তরখান এলাকায় পূর্ববিরোধের জেরে মোক্তার আলী (৫৩) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে সড়কে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহত মোক্তার আলীর স্ত্রী উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে মামলার এজাহারভুক্ত ১০ নম্বর পলাতক আসামি আমির হোসেনের অবস্থান শনাক্ত করা হয়।


র‍্যাব জানায়, উত্তরখান থানার মামলা নম্বর ১২, তারিখ ১৫ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৮৬০-এর ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।


র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আমির হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ঢাকায় হত্যা, হত্যা মামলার আসামি, সুনামগঞ্জে গ্রেপ্তার, র‍্যাব-৯, উত্তরখান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ