০৪ মে ২০২৬

দৈনন্দিন

সুনামগঞ্জে মরিচক্ষেতে মিললো গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ জুন, ২০২৫ ৪:১৯ অপরাহ্ন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার এক কৃষকের মরিচক্ষেত থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা মুক্তিযুদ্ধকালীন একটি পুরনো মডেলের সক্রিয় গ্রেনেড উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

ঘটনাটি ঘটে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ এলাকায়। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কৃষক সাব্বির আহমদ তার জমিতে কাজ করার সময় মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। বিষয়টি প্রথমে তিনি স্থানীয়দের জানান। পরে সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান বলেন, 'কৃষক গ্রেনেডটি খুঁজে পাওয়ার পরই আমাদের জানান। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং সেনাবাহিনীকে বিষয়টি জানাই।'

পরে শুক্রবার (১৩ জুন) শান্তিগঞ্জ সেনা ক্যাম্প থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আল হোসাইন জানান, উদ্ধার হওয়া বস্তুটি একটি সক্রিয় K36 বা M36 মডেলের গ্রেনেড। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতে পারে। বহুদিন মাটির নিচে চাপা পড়ে ছিলো বলে ধারণা করা হচ্ছে। আমরা এটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ, গ্রেনেড উদ্ধার, বোম্ব ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ