০৪ মে ২০২৬

দৈনন্দিন

সারাদেশে কোরবানি ৯১ লাখ, সবচেয়ে কম সিলেট বিভাগে

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ১১ জুন, ২০২৫ ২:৪৫ অপরাহ্ন


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার বাংলাদেশে ৯১ লাখেরও বেশি পশু কোরবানি করা হয়েছে। তবে বিভাগের মধ্যে সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেটে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।


মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, ঈদুল আজহায় ২০২৫ সালে দেশে মোট ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ ছিল ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি। ছাগল ও ভেড়ার সংখ্যা ছিল ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি এবং অন্যান্য প্রাণি ছিল ৯৬০টি।


সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে। সেখানে কোরবানির সংখ্যা ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি। এর পরেই রয়েছে ঢাকা বিভাগ, যেখানে কোরবানি হয়েছে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি পশু। চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি, রংপুরে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি, খুলনায় ৮ লাখ ৪ হাজার ২২৪টি এবং বরিশালে ৪ লাখ ৭৮৩টি পশু কোরবানি হয়েছে।


এদিকে কোরবানির পশুর সংখ্যায় দেশের অন্য বিভাগগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে সিলেট। এবার সিলেট বিভাগে কোরবানি হয়েছে মাত্র ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি গবাদিপশু। কোরবানির সংখ্যায় সিলেটের পরে রয়েছে ময়মনসিংহ বিভাগ, যেখানে কোরবানি হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি পশু।


প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, স্তরায়িত দৈব নমুনায়ন পদ্ধতিতে দেশের প্রতিটি উপজেলার একটি ছোট, একটি মাঝারি ও একটি বড় গ্রামের অন্তত এক শতাংশ থেকে তথ্য সংগ্রহ করে এই হিসাব তৈরি করা হয়েছে। কোরবানির পশু উৎপাদন বেশি হওয়ায় এবার অবিক্রীত পশুর সংখ্যাও তুলনামূলকভাবে বেশি ছিল। মোট ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি পশু অবিক্রীত থেকে গেছে বলে জানায় অধিদপ্তর। 


সংস্থাটি বলছে, এসব অবিক্রীত পশু সামনে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য থেকে যাবে, তাই একে অস্বাভাবিক বলা যায় না।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, কোরবানি, প্রাণীসম্পদ অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ