০৪ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

বড়লেখা

সড়ক দুর্ঘটনায় বড় ভাইয়ের পর আহত ছোট ভাইয়েরও মৃত্যু

প্রতিনিধি, বড়লেখা, মৌলভীবাজার

প্রকাশঃ ৮ জুন, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ন


মৌলভীবাজার বড়লেখায় সড়ক দুর্ঘটনায় বড় ভাইয়ের পর আহত ছোট ভাইয়েরও মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


আগে একই দুর্ঘটনায় রুমনের বড় ভাই সৌদি প্রবাসী সাহেদ হোসেন সুমন (২৬) মারা যান। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। কোরবানির মাংস নিয়ে সাহেদ হোসেন সুমনের শ্বশুরবাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 


রোববার (৮ জুন) বেলা ৩টায় বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় বড় ভাইয়ের পর ছোট ভাইয়েরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।


এদিকে, ঈদের দিনেই দুই ভাইয়ের মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সুমন ও রুমন মহুবন্দ এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সুমন কয়েক মাস আগে সৌদিআরব থেকে দেশে ফিরে বিয়ে করেছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে সুমন ছোটভাই রুমনকে নিয়ে শ্বশুরবাড়িতে কোরবানির মাংস নিয়ে যাচ্ছিলেন। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের  সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাহেদ মারা যান। এসময় গুরুতর আহত হন রুমন। 


স্থানীয়রা রুমনকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমন মারা যান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সড়ক দুর্ঘটনা, মৌলভীবাজার, বড়লেখা, দুই ভাইয়ের মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ