
কোরবানির মাংস নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাহেদ হোসেন সুমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই রুমন আহমদ (২২)।
শনিবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন ও আহত রুমন বড়লেখা পৌর শহরের মহুবন্দ এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, ঈদের দিন কোরবানির মাংস নিয়ে মোটরসাইকেলযোগে বড়লেখা থেকে দক্ষিণভাগে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সুমন। তার সঙ্গে ছিলেন ছোট ভাই রুমন।
জানা যায়, কাঠালতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যান এবং রুমন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


