১০ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

সংরক্ষিত এলাকায় প্রবেশ, টাঙ্গুয়ার হাওরে ৩ হাউসবোটকে জরিমানা

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ও সংরক্ষিত এলাকায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রবেশ করায় তিনটি হাউসবোটকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।


সোমবার (১০ আগস্ট) টাঙ্গুয়ার হাওরে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি হাউসবোটকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 


জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় প্রবেশ এবং পরিবেশ দূষণের অভিযোগে এ অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।


একই সঙ্গে হাউসবোটগুলোকে টাঙ্গুয়ার হাওরে নির্ধারিত পথে প্রবেশ ও চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।


জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।


এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনটি হাউসবোট এসব নির্দেশনা অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাউসবোটগুলোকে নির্ধারিত পথে টাঙ্গুয়ার হাওরে প্রবেশ ও চলাচলের জন্য বলা হয়েছে।


তিনি আরও বলেন,টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এদিকে, অভিযানের পাশাপাশি টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের সচেতন করা হয়। এ সময় হাওরে ভ্রমণকারী পর্যটক ও হাউসবোটের চালক-কর্মীদের মধ্যে পরিবেশ সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংরক্ষিত এলাকায় প্রবেশ, যত্রতত্র বর্জ্য ফেলা এবং পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।টাঙ্গুয়ার হাওর দেশের গুরুত্বপূর্ণ জলাভূমি ও জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকা। এর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্টদের নির্ধারিত নির্দেশনা মেনে চলা জরুরি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

টাঙ্গুয়ার হাওর, হাউসবোট, জরিমানা, মোবাইল কোর্ট, পরিবেশ অধিদপ্তর, সংরক্ষিত এলাকা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ