
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় সিলেটে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৭ জুন) সকালে ঈদের নামাজ শেষে প্রায় প্রতিটি বাস-বাড়িতে চলছে পশু কোরবানী। পশু কোরবানীর মধ্য দিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে সিলেটজুড়ে।
এদিকে, ঈদের জামাতে উপচে পড়া মানুষের ঢলে উৎসবমুখর হয়ে ওঠে সিলেট নগরীর শাহী ঈদগাহসহ সকল ঈদগাহ, মসজিদ ও ময়দান।
সিলেটে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সেখানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে পরিণত হয় ধর্মীয় এক মিলনমেলায়।
প্রত্যাশিতভাবেই প্রধান জামাত ঘিরে ছিল বাড়তি আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে মুসল্লিদের ঢল নামে পুরো এলাকা জুড়ে। নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে ওঠে শাহী ঈদগাহ ময়দান।
এছাড়াও নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও ঈদের বড় জামাতগুলোতে দেখা যায় একই চিত্র। দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এ জামাতেও অংশ নেন বিপুলসংখ্যক মুসল্লি। অনেকে নামাজ শেষে দরগাহ কবরস্থানে জিয়ারতে অংশ নেন।
অন্যদিকে সকাল সাড়ে ৭টায় আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামাতে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা ছিল। এই জামাত পরিচালনা করে আনজুমানে খেদমতে কোরআন সিলেট। এখানেও ছিল নিরাপত্তা বাহিনীর তৎপর উপস্থিতি।
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে একাধিক জামাতে অংশ নিতে দেখা যায় এলাকার মানুষজনকে। সকাল ৭টায়, ৮টায় ও ৯টায় তিন দফায় ঈদের জামাত আয়োজন হলেও প্রতিটি জামাতেই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোর ৫:৪৫টায় বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে মুসল্লিদের আগমন ঘটে ভোরের আলো ফোটার আগেই। অন্যদিকে, শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত জামাতেও ছিল মানুষের সরব উপস্থিতি।
সিলেট নগরীতে এবার ঈদের দিন মোট ৩৯০টি জামাত অনুষ্ঠিত হয়, যার মধ্যে ২৪৮টি মসজিদে এবং বাকিগুলো খোলা মাঠে। পাশাপাশি জেলার ২ হাজার ৫৫১টি জামাতও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ঈদের নামাজ ঘিরে নগরীজুড়ে বিরাজ করেছে ধর্মীয় উৎসবের আবহ। উৎসব শেষে অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে কোরবানির প্রস্তুতি ও আত্মীয়-স্বজনদের বাসায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন।
নগরবাসীর শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
ঈদুল আজহা, সিলেট, জামাত, শাহী ঈদগাহ, উৎসব, কোরবানী


