০৫ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুবেল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার সদর হাসপাতাল সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সুবেল মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত বাকু মিয়ার ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কুশিয়ারা সেতুর দক্ষিণ পাড় (ফেরিঘাট) এলাকা থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন সুবেল। হাসপাতাল সড়কের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মোড়ে প্রবেশের সময় মোটরসাইকেলটি সেটিকে সজোরে ধাক্কা দেয়।


সংঘর্ষের পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সুবেল মিয়ার মৃত্যু হয়।


ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার কোনো দায় পাওয়া যায়নি। এ কারণে নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো মামলা করা হবে না বলে জানানো হয়েছে।


তিনি আরও বলেন, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের জন্য আবেদন করেন। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ফেঞ্চুগঞ্জ, ফেঞ্চুগঞ্জ দুর্ঘটনা, সিলেট সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল দুর্ঘটনা, সিএনজি অটোরিকশা, সুবেল মিয়া, কুশিয়ারা সেতু, সদর হাসপাতাল সড়ক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ