০৫ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ২৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ১:২৩ অপরাহ্ন


সিলেট বিভাগে হাম রোগের প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বিগত এক দিনে বিভাগজুড়ে নতুন করে ২৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে, একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (৫ আগস্ট) পর্যন্ত বিভাগে হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৭৫৩ জনে।


বুধবার (৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি হাম রোগী শনাক্ত হয়েছে সুনামগঞ্জে ৩৫১ জন। এরপর সিলেট জেলায় ২৪৮ জন, হবিগঞ্জে ৭৯ জন (যাদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত) এবং মৌলভীবাজারে ৭৫ জনের দেহে হাম ধরা পড়েছে।


গত এক দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন। বাকিরা ভর্তি হয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে।


বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন মোট ৩০৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তাদের একজন সিলেট নগরের মণিপুরীপাড়া এলাকার ১০ মাস বয়সী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যজন সুনামগঞ্জের ছাতক উপজেলার হেমতপুর এলাকার দেড় বছর বয়সী শিশু, সেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে হামে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে বিভাগে। এর মধ্যে সন্দেহভাজন হামে মৃত্যু হয়েছে ১১২ জনের, আর পরীক্ষায় নিশ্চিত হয়েছে ৬ জনের। জেলাওয়ারি হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জে ৫২ জন, এরপর সিলেটে ৪১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১২ জন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হাম, শিশুমৃত্যু, সিলেট স্বাস্থ্য বিভাগ, হাম ও রুবেলা, শহীদ শামসুদ্দিন হাসপাতাল, ওসমানী হাসপাতাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ