০৪ মে ২০২৬

দৈনন্দিন

তথ্য আপা অফিস জরাজীর্ণ ভবনে, ছাদ থেকে ঝরে পড়ছে চট

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ জুন, ২০২৫ ২:৩৩ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তথ্য আপা অফিস চলছে একটি জরাজীর্ণ ভবনে, যেখানে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তারা। ছাদের পলেস্তারা ও দেওয়ালের আস্তরণ খসে পড়ছে, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা প্রশাসন চত্বরে একাধিক পুরোনো ভবনের মধ্যে একটি ভবনে চলছে তথ্য আপা অফিসের কার্যক্রম। ভবনটি দীর্ঘদিনের পুরোনো। ছাদে ফাটল, কোথাও কোথাও আস্তরণ খসে পড়েছে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন আর সেবা নিচ্ছেন সাধারণ মানুষ।

পাইলগাঁও ইউনিয়ন থেকে সেবা নিতে আসা ফরিদা বেগম বলেন, 'আমি তথ্য আপা অফিসে আসছিলাম, হঠাৎ ছাদ থেকে কিছু একটা আমার গায়ে পড়ে। তাকিয়ে দেখি ছাদে ফাটল, মনে হচ্ছে যে কোনো সময় কিছু ভেঙে পড়বে।'

কয়েকজন সেবা প্রত্যাশী বলেন, 'প্রতিদিন এখানে জীবনের ঝুঁকি নিয়েই কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। মাঝেমধ্যে ভবনের বারান্দা ও ভিতরের ছাদের পলেস্তারা খুলে পড়ছে।'

তথ্য আপা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সালমা হক তালুকদার কলি বলেন, 'বর্তমানে যে ভবনে কার্যক্রম চলছে, এটি বহু পুরোনো। উপজেলা চত্বরে নতুন একটি ভবন নির্মিত হলেও আমাদের অফিসের জন্য জায়গা বরাদ্দ হয়নি। তাই ঝুঁকিপূর্ণ এই ভবনেই আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।'

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, 'পুরোনো ভবনের সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। ভবনগুলো জরাজীর্ণ, ছাদ ও দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো যেন পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করা হয়, সে দাবি আমরা জানিয়েছি। দ্রুত সংস্কার বা স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।'



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর তথ্য আপা অফিস, জরাজীর্ণ ভবন, ঝুঁকিপূর্ণ অফিস ভবন, সুনামগঞ্জ সরকারি ভবন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ