বার্সেলোনায় নলুয়া প্রবাসী সংঘের নতুন নেতৃত্বের অভিষেক
দৈনন্দিন
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরপারের বাসিন্দাদের নিয়ে গঠিত প্রবাসী সংগঠন নলুয়া প্রবাসী সংঘের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে স্পেনের বার্সেলোনায়। সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আবিদুল ইসলাম আরজুকে সভাপতি ও সুজন রাশিদকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
সংগঠনের জনসংযোগ শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (২০ জুলাই) বার্সেলোনার বেপারী সেন্টার রেস্টুরেন্টে এই অভিষেক অনুষ্ঠান আয়োজিত হয়। ছয় বছরের পথচলা শেষে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের এই আয়োজনে যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। নবনির্বাচিত সভাপতি আবিদুল ইসলাম আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুজন রাশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর প্রদর্শিত হয় সংগঠনের ছয় বছরের কর্মকাণ্ড নিয়ে নির্মিত সাত মিনিটের একটি প্রামাণ্যচিত্র। ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে সংগঠনের সামাজিক, মানবিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মসূচি এবং সামনের দিনের পরিকল্পনা এতে তুলে ধরা হয়। স্বাগত বক্তব্যে সহকারী অর্থ সম্পাদক হাবিবুর রহমান বলেন, প্রবাসে নলুয়াবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতে সংগঠনটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বাবু রত্নেশ্বর সূত্রধর বলেন, প্রবাসী সংগঠনগুলো শুধু মিলনমেলার আয়োজন করে না নতুন প্রজন্মের কাছে নিজেদের শেকড়, সংস্কৃতি ও মূল্যবোধ পৌঁছে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্সেলোনা কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আবু ইউসুফ, কমিউনিটি নেতা আব্দুস সুবহান, আবু তাহের লাবলু এবং সংগঠনের সহসভাপতি নজরুল ইসলাম আবির। তাঁরা সবাই নলুয়া প্রবাসী সংঘের ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে সংগঠনের অব্যাহত সাফল্য কামনা করেন।
এছাড়া বক্তব্য রাখেন, সহসভাপতি নজরুল ইসলাম আবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া এবং অর্থ সম্পাদক আজির উদ্দিনও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জয়নুল হক (যুক্তরাজ্য), সহসাধারণ সম্পাদক খলিলুর রহমান (গ্রীস), অর্থ সম্পাদক আজির উদ্দিন (ইতালি), সহকারী অর্থ সম্পাদক হাবিবুর রহমান (স্পেন), সহকারী সাংগঠনিক সম্পাদক মিজান রশিদ (যুক্তরাজ্য), ইউরোপ বিষয়ক সাংগঠনিক সম্পাদক গোলজার মিয়া (স্পেন), এবং সদস্য শরিফুল হক জনি, জিলানি রশিদ, জাফর ইকবাল ও লিটন মিয়া (স্পেন)।
অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করেন। এরপর সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রীতিভোজের মধ্য দিয়ে দিনভরের এই আয়োজনের সমাপ্তি ঘটে।
কমিটি গঠন, নলুয়া প্রবাসী সংঘ