১২ জুলাই ২০২৬

দৈনন্দিন

ড্রেন-খালে ময়লা না ফেলে সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসন হবে: সিসিক প্রশাসক

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১২ জুলাই, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে বৃষ্টি উপেক্ষা করেও সিলেট সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রয়েছে। জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, নতুন ড্রেন নির্মাণ ও সংস্কারের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রমও একযোগে পরিচালিত হচ্ছে।’

 

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাসহ মহানগরের সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাগরদিঘীরপাড়ে নবনির্মিত ওয়াকওয়ে, এসফল্ট সড়ক ও সড়কবাতির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিসিক প্রশাসক বলেন, ‘আমাদের লক্ষ্য একটি আধুনিক, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরী গড়ে তোলা। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নগরবাসী যাতে সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে না পড়েন, সে লক্ষ্যেই ড্রেন পরিষ্কার, ড্রেন সংস্কার এবং সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, এগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণেও নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। ড্রেন ও খালে ময়লা-আবর্জনা না ফেলে সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসনে আমাদের প্রচেষ্টা আরও কার্যকর হবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

 

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন নগরীর যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ অবকাঠামো, আলোকসজ্জা এবং জনবান্ধব নগর পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। সাগরদিঘীরপাড়ে নবনির্মিত ওয়াকওয়ে, এসফল্ট সড়ক ও সড়কবাতি স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ করার পাশাপাশি এলাকার সৌন্দর্যও বৃদ্ধি করবে।

 

অনুষ্ঠানে সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব কুমার দে, সৈয়দ আলী রেজা সাচ্চু, মাজহারুল ইসলাম মেনন, খন্দকার মাহবুব রব, সানাউল হক সানা, পারভেজ আহমদ, শামীম রেজা, মাহফুজ, সুমন সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক নবনির্মিত ওয়াকওয়ে, এসফল্ট সড়ক এবং সড়কবাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট সিটি কর্পোরেশন, সাগরদিঘীরপাড়, ওয়াকওয়ে, জলাবদ্ধতা, আব্দুল কাইয়ুম চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ