১০ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

সুনামগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন


সুনামগঞ্জে টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে জেলার প্রধান নদী সুরমা, কুশিয়ারা ও বৌলাইসহ ছোট-বড় সব নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। একই সঙ্গে হাওরেও পানি বাড়তে থাকায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার ১২টি উপজেলায় মোট ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থাও নিশ্চিত করার কথা জানিয়েছে প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৭ দশমিক ৩০ মিটার রেকর্ড করা হয়েছে, যা মৌসুমি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচে। গত ২৪ ঘণ্টায় এই পয়েন্টে পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। একই সময়ে সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৭ মিলিমিটার।

ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই পয়েন্টেও গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ২১ সেন্টিমিটার, যা সুনামগঞ্জ পয়েন্টের চেয়েও বেশি।

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ আনোয়ারপুর সড়কও পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেক স্থানে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, আবার কোথাও নৌকাই হয়ে উঠেছে একমাত্র যাতায়াতের মাধ্যম।

ইসলামপুরের সিএনজিচালক তালহা হোসেন বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে হাওর উপচে এলাকার অনেক সড়ক তলিয়ে গেছে। এখন গাড়ি নিয়ে বাড়িতে যেতে পারি না। অন্য বাড়িতে গাড়ি রেখে নৌকায় যেতে হয়।

পাশের গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, পানি তো শুধু বাড়ছে। আরও বাড়লে আমাদের বাড়িঘরে ঢুকে যেতে পারে। আমাদের ঘরটা একেবারেই নিচু জায়গায়। তাই বেশি চিন্তা হচ্ছে। কী যে করি।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে জেলার নদ-নদীর পানি বেড়ে মৌসুমি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেন, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি ও উজানে ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি বলেন, সুনামগঞ্জে ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। উদ্ধার কাজ পরিচালনার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪৯২টি নৌযান, সহস্রাধিক স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল টিম।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বন্যা, আশ্রয়কেন্দ্র, হাওর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ