১০ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

ধলাই নদীর পানি কমলেও বাড়ছে মনুর, মৌলভীবাজারে পানিবন্দি ৫ হাজার পরিবার

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন


টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে ধলাই নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও মনু নদীর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার অন্তত ১৭টি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় চার উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার ধলাই নদীর ভাঙনে কমলগঞ্জ উপজেলার আদমপুর, ইসলামপুর ও মাধবপুর ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম পানিতে তলিয়ে যায়। রাতের দিকে উজানে ধলাই নদীর পানি কিছুটা কমলেও কমলগঞ্জের নিম্নাঞ্চল এবং রাজনগরের নতুন নতুন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বর্তমানে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়ন এবং রাজনগর উপজেলার টেংরা ও কামারচাক ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত রয়েছে। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ৯৫টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যার পানিতে তারাপাশা-টেংরা সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে প্লাবিত হয়েছে আউশ ধান ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেত, ফলে কৃষকদের মধ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।

মৌলভীবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, এখন পর্যন্ত চার উপজেলার ৪ হাজার ১৭৫টি পরিবার পানিবন্দি হওয়ার তথ্য পাওয়া গেছে। পানি কমার পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মনু নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে একটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রক্ষায় জরুরি ভিত্তিতে মেরামত কাজ চলছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, ধলাই নদী, মনু নদী, পানি, প্লাবিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ