১০ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

কুশিয়ারা নদীর বিপদসীমা নিয়ে দুই সরকারি সংস্থার তথ্যের গরমিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৬ ২:৩৯ অপরাহ্ন


কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা নিয়ে দুটি সরকারি সংস্থার তথ্যের মধ্যে অসঙ্গতি দেখা দিয়েছে। একই নদী ও একই পয়েন্টের বিপদসীমা নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট কার্যালয় এবং পাউবোরই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করায় বিভ্রান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বিভাগের দৈনিক নদ-নদীর পানির অবস্থানসংক্রান্ত বুলেটিনে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর বিপদসীমা ১০ দশমিক ৪৫ মিটার উল্লেখ করা হয়েছে। একই বুলেটিন অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টায় নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫৭ মিটার। এর আগে সকাল ৬টায় ছিল ৯ দশমিক ৫৫ মিটার এবং সকাল ৯টায় ছিল ৯ দশমিক ৫৬ মিটার। অর্থাৎ, পাউবোর সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী নদীর পানি এখনও বিপদসীমার প্রায় ৮৮ সেন্টিমিটার নিচে রয়েছে।

অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, একই ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর বিপদসীমা ৯ দশমিক ৪৫ মিটার। সে হিসাবে বর্তমানে নদীর পানির উচ্চতা বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপরে অবস্থান করছে।

একই নদী ও একই পরিমাপ কেন্দ্রের বিপদসীমায় এক মিটার পার্থক্য থাকায় বন্যা পরিস্থিতি মূল্যায়ন, সতর্কবার্তা প্রদান এবং জনসচেতনতা তৈরির ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।

এ ব্যাপারে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, এরকম ভুল হওয়ার কথা নয়। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্চ পয়েন্টে বিপদসীমা ১০ দশমিক ৪৫ মিটার। তবুও বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব। 

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, আমাদের প্রকাশিত তথ্যই সঠিক। এরকম হলে বিষয়টি সিলেট পানি উন্নয়ন বিভাগকে অবহিত করা হবে এবং দৈনিক বুলেটিনে বিপদসীমার তথ্য সংশোধনের করতে বলা হবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, পানি উন্নয়ন বোর্ড, কুশিয়ারা, ফেঞ্চুগঞ্জ, এফএফডব্লিউসি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ