০৯ জুলাই ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষের পর কর্মবিরতি

চলছে শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৬ ১:২৫ অপরাহ্ন


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।


ঘটনার প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। একই সঙ্গে এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন।


মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ ও এর সামনের এলাকায় দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদের মধ্যে রয়েছেন ইন্টার্ন চিকিৎসক তাসপিয়ানুল হক ও রেজা নিলয়। এছাড়া নগরের বালুচর এলাকার আবরার হোসেন ও জাহিদ, মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী এবং রোগীর আরেক স্বজন আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১২টার দিকে এক শিশুরোগীকে জরুরি বিভাগে আনার পর রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বে থাকা এক ইন্টার্ন চিকিৎসকের কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।


এদিকে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা বাইরে থেকে আরও লোকজন এনে ওই ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালান। খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে জরুরি বিভাগে আতঙ্কের সৃষ্টি হয়।


ইন্টার্ন চিকিৎসক রাকিন হান্নান জানান, আহত দুই ইন্টার্ন চিকিৎসকের একজনের অবস্থা গুরুতর। অন্যজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত রোগীর তিন স্বজনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় হাসপাতাল এলাকায় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে। কয়েকজন শিক্ষার্থীকে লাঠি ও স্টাম্প হাতে অবস্থান করতেও দেখা যায়।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির বলেন, ঘটনাস্থলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ঘটনার পর পৃথক বিবৃতিতে ইন্টার্ন ডক্টরস ফোরাম ও ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।


ইন্টার্ন ডক্টরস ফোরাম এক বিবৃতিতে বলেছেন, চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।


এদিকে একই দাবিতে সাধারণ শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওসমানী মেডিকেল কলেজ, ওসমানী হাসপাতাল, সিলেট ওসমানী হাসপাতাল, ইন্টার্ন চিকিৎসক, চিকিৎসকের ওপর হামলা, সিলেট মেডিকেল কলেজ, কর্মবিরতি, একাডেমিক শাটডাউন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ