ভারতীয় সহকারী হাইকমিশনার
প্রতিবন্ধীদের কল্যাণে বড় পরিসরে কাজ করা ভারত-বাংলাদেশের অভিন্ন লক্ষ্য
দৈনন্দিন
প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ৩:২৯ অপরাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রায় ২০ দিন ধরে নিখোঁজ থাকা এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার উপজেলার করিমপুর গ্রাম থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ জায়েদা বেগম। তিনি রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাটেকি গ্রামের হান্নান মিয়ার মেয়ে। বিয়ের পর তিনি স্বামী আলমঙ্গীর হুসেনের সঙ্গে একই ইউনিয়নের করিমপুর গ্রামে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ ধরে জায়েদা বেগমের কোনো খোঁজ না পেয়ে তার বাবার বাড়ির লোকজন আলমঙ্গীর হুসেনের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি পরিবারের সদস্যদের জানান, জায়েদা বিদেশে চলে গেছেন। তবে এ দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ দেখাতে না পারায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানান।
তদন্তের একপর্যায়ে পুলিশ আলমঙ্গীর হুসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করে লাশের অবস্থান সম্পর্কে তথ্য দেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে করিমপুর গ্রামের একটি স্থান থেকে জায়েদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল আহমদ ও রুহুল আমীন বলেন, আলমঙ্গীর হুসেন এলাকায় প্রচার করেছিলেন, তার স্ত্রী বিদেশে চলে গেছেন। কিন্তু এ বিষয়ে কোনো প্রমাণ দিতে না পারায় তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমঙ্গীর হুসেন তার স্ত্রীর মরদেহ মাটিচাপা দেওয়ার স্থান দেখিয়ে দিয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার কথাও তিনি জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৌলভীবাজার, রাজনগর, জায়েদা বেগম, গৃহবধূর মরদেহ উদ্ধার , মাটিচাপা লাশ, স্বামী গ্রেপ্তার, রাজনগর থানা, মৌলভীবাজার সংবাদ, করিমপুর, মুন্সীবাজার ইউনিয়ন, হত্যা