৩০ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

বানিয়াচংয়ের যুবক বাঁধনের দুই বিসিএসে সাফল্য

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২৯ জুন, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন


মেধা, অধ্যবসায়, সততা এবং অদম্য আত্মবিশ্বাস—এই চারটি গুণ একসঙ্গে মিললে সাফল্য যে অনিবার্য, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সন্তান আবু আনাস সিদ্দিকী বাঁধন। 


প্রত্যন্ত জনপদ থেকে উঠে আসা ওই যুবক ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মেধাতালিকায় ৪৪তম স্থান অর্জন করেছেন। একইসঙ্গে ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও পরিবার ও এলাকাবাসীর গর্বের কারণ হয়েছেন বাঁধন।  


বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের এক শিক্ষানুরাগী ও মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন বাঁধন। তার বাবা আবু সাহেদ দীর্ঘদিন উন্নয়ন সংস্থা ব্র্যাক- এ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মা সাবিনা আক্তার বর্তমানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কর্মকর্তা হিসেবে কর্মরত। 


শৈশব থেকেই মেধার স্বাক্ষর রাখতে শুরু করেন তিনি। মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের পাশাপাশি পুরো বানিয়াচং উপজেলায় সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান লাভ করেন।


বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে জেএসসিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। ২০১৬ সালে একই বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫, ট্যালেন্টপুলে বৃত্তি এবং সিলেট শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধাতালিকায় ১৭তম স্থান অর্জন করে নিজের অসামান্য মেধার পরিচয় দেন বাঁধন। পরে সিলেট এমসি কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসিতে জিপিএ-৫ ও সাধারণ বৃত্তি লাভ করেন।


উচ্চ মাধ্যমিকের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির সুযোগ পান তিনি। ২০২৪ সালে প্রথম শ্রেণিতে স্নাতক (অনার্স) সম্পন্ন করেন।


নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবু আনাস সিদ্দিকী বাঁধন বলেন, “সাফল্যের কোনো সংক্ষিপ্ত পথ নেই। বাবা-মায়ের আদর্শ, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং নিজের লক্ষ্যকে ঘিরে নিরলস পরিশ্রমই আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আমি প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দেশের মানুষের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”


বাঁধনের এমন কৃতিত্বে খুশি তার পরিবার, প্রতিবেশি, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। তারা মনে করছেন, বাঁধনের এই অসাধারণ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি বানিয়াচংয়ের শিক্ষার্থীদের জন্য নতুন স্বপ্ন দেখার প্রেরণা। তার সাফল্য প্রমাণ করেছে সুযোগ সীমিত হলেও দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

বিসিএস, বাঁধন, বানিয়াচং, সাফল্য, শিক্ষা ক্যাডার, প্রশাসন ক্যাডার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ