
সিলেটে লিভারের চিকিৎসা ও রোগ প্রতিরোধে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন বাংলাদেশের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেলে নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত ন্যাশনাল লিভার ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটের কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, হেপাটাইটিস ও অন্যান্য লিভার রোগ এর প্রতিরোধ ও চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন সিলেটকে ভবিষ্যতে পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তর করতে হবে। কিছু উদ্যোগী মানুষের এ যাত্রাকে আগামীতে আরো এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে।
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, পরিবর্তিত এ বাংলাদেশকে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ পরিণত করতে করতে আমাদের আরো দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে হবে। যে বাংলাদেশে বৈষম্য দূরীকরণে ও মৌলিক অধিকারের দাবিতে যেন কাউকে সংগ্রাম করতে না হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি বলেন, লিভার ফাউন্ডেশন সিলেট নিয়মিত লিভার রোগের চিকিৎসা সেবা ও স্বল্পমূল্যে সরকার অনুমোদিত ল্যাবরেটরিতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা প্রদান করবে। আমাদের স্বপ্ন হলো লিভার সংক্রান্ত রোগের চিকিৎসা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেয়া। এসময় ন্যাশনাল লিভার ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটকে আধুনিক সুযোগসুবিধা সমৃদ্ধ বিশেষায়িত লিভার হাসপাতালে পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এম. আনিসুর রহমান। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মধুসূদন সাহা, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আলমগীর সাফওয়াত, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুস্তাক আহমদ, ডা. অলিউর রহমান।
সিলেট মেডিকেল কলেজের ডা. বেঞ্জামিন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন সিলেটের মেডিকেল অফিসার ডা. হোসেন আহমদ, লিভার ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ জুনায়েদ পাইকার, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন সিলেটের ম্যানেজার শওকতুর রহমান, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা সভাপতি বাবুল খান মুন্না, সাধারণ সম্পাদক রোটারিয়ান শাহান উদ্দিন নাজু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর-এর নিবাসীদের বিনামূল্যে হেপাটাইটিস-বি টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, লিভার চিকিৎসা, রোগ প্রতিরোধ, বিভাগীয় কমিশনার, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন


