কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘সিলেট দেশকে অনেক দিয়েছে, কিন্তু উন্নয়নে পায়নি প্রাপ্য প্রতিদান’
রাজনীতি
প্রকাশঃ ২০ জুন, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
সিলেট অঞ্চলের মানুষের অবদান দেশের অর্থনীতি, শিক্ষা, প্রশাসন ও প্রবাসী খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও উন্নয়নের ক্ষেত্রে অঞ্চলটি প্রত্যাশিত গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সিলেটের উন্নয়ন নিশ্চিত করতে এ অঞ্চলের কৃতীজন, রাজনীতিক, প্রশাসনিক কর্মকর্তা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘সিলেটের কৃতিজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, পুণ্যভূমি সিলেটের যে ১১৩ জন কৃতিজনের জীবনী এই গ্রন্থে স্থান পেয়েছে, তাদের পাশাপাশি আরো অনেক শিক্ষাবিদ, সাহিত্যিক ও আমলা আছেন, যারা সমাজের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। তাদের সেই অনন্য কাজ ও অবদান নিয়েও আগামীতে বই লেখা উচিত।
নতুন প্রজন্মের মাঝে এই গৌরবময় ইতিহাস ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করবো, সিলেটের কৃতি ও কৃতিত্ববান মানুষদের নিয়ে লেখা এসব বই যেন প্রতিটি লাইব্রেরীতে রাখা হয়, যাতে আমাদের যুবসমাজ সহজেই এই ইতিহাসের সংস্পর্শে আসতে পারে। তবে কেবল বই পৌঁছে দিলেই হবে না, তরুণদের মাঝে বই পড়ার নিয়মিত চর্চা বাড়াতেও আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
অনুষ্ঠানে ‘সিলেটের কৃতিজন’ গ্রন্থের সম্পাদক ও প্রকাশক আলাউদ্দিন আল আজাদ তার স্বাগত বক্তব্যে বলেন, ‘এই গ্রন্থ রচনার পেছনে আমাদের একটিই মূল প্রেরণা, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের আয়নার সামনে দাঁড় করানো। যেন তারা নিজেদের শিকড়কে দেখতে পায় এবং উপলব্ধি করতে পারে যে, তাদের পূর্বপুরুষেরা কেবল নিজেদের জন্য নয়, বরং দেশ ও জাতির জন্য এক গৌরবময় ও ঈর্ষণীয় উত্তরাধিকার রেখে গেছেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট অঞ্চলের সাংবাদিক, লেখক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বেরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা শেষে ‘সিলেটের কৃতিজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা এ ধরনের প্রকাশনা ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী, আরিফুল হক চৌধুরী, সিলেটের কৃতিজন, মোড়ক উন্মোচন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বই