
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে পর্যটকবাহী একটি হাউসবোট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাউসবোটে অন্তত ১২জন যাত্রী ছিলেন। তবে যাত্রীরা সবাই অক্ষত আছেন।
'রাহবার' নামে পর্যটকবাহী হাউসবোটটি ঢাকা থেকে এসেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, বোটে থাকা জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তাহিরপুর সদর নৌকাঘাট থেকে ১২জন যাত্রী নিয়ে হাউজবোটটি ছেড়ে যায়। পরে টাঙ্গুয়ার হাওর ঘুরে এটি টেকেরঘাট শহীদ সিরাজ লেক এলাকার অদূরে পুটিয়া নামক স্থানে নোঙ্গর করে রাখা হয়।
রাত সাড়ে ৮টার দিকে বোটের স্টোররুম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন হাউজবোটের যাত্রীরা। মুহুর্তের মধ্যে আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় বোটে থাকা যাত্রীদের কেউ পার্শ্ববর্তী বোটের উপর আবার কেউ কেউ নিচে পানিতে লাফিয়ে আত্মরক্ষা করেন। পরে পার্শ্ববর্তী বিন্দারবন্দ, পুটিয়া ও লেদারবন্দ গ্রামের লোকজন ছোট নৌকা যোগে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেছেন।
টেকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক আবির দাশ বলেন, আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে পুলিশ। যাত্রীরা সবাই অক্ষত আছেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, নৌকায় আগুন, সুনামগঞ্জ অগ্নিকাণ্ড, তাহিরপুর, পর্যটকবাহী নৌকা


