১৭ আগস্ট ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিনোদন

পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, বাধ্যতামূলক অবসরে সাবেক ডিবি কর্মকর্তা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

ছবিঃ সাবেক এডিসি গোলাম সাকলায়েন ও পরীমনি। সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।


বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।


প্রজ্ঞাপনে বলা হয়, গুলশান বিভাগের ডিবির এডিসি হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন গোলাম সাকলায়েন। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও বিবাহবহির্ভূত সম্পর্ক, পরীমনির সঙ্গে জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে সময় কাটানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।


এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরে কারণ দর্শানোর নোটিশ, ব্যক্তিগত শুনানি এবং তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০২৩ সালের ১২ ডিসেম্বর দাখিল করা প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন।


এরপর দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশের জবাব, তদন্ত প্রতিবেদন, অভিযোগের গুরুত্ব এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করে তার বিরুদ্ধে গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতও নেওয়া হয়। কমিশন তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সুপারিশ করে।


প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি গত ১৭ জুন এ সিদ্ধান্তে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩)(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর দায়ে গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানসূচক গুরুদণ্ড দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

পরীমনির সঙ্গে সম্পর্ক, সাবেক ডিবি কর্মকর্তা, গোলাম সাকলায়েন, বাধ্যতামূলক অবসর, অসদাচরণ, সরকারি কর্মচারী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ