
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে নগরবাসীর যাতায়াত, কেনাকাটা ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুমোদিত হাট ব্যতীত রাস্তাঘাট বা ফুটপাতে অস্থায়ী পশুর হাট বসানো যাবে না বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
শুক্রবার (৩০মে) সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে নগরবাসীর যাতায়াত, কেনাকাটা ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৩টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি মোঃ রেজাউল করিম।
সভায় ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও জনদুর্ভোগ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কোরবানির পশুবাহী ট্রাকের চলাচলে পথে পথে হয়রানি ও জোরপূর্বক গরু নামিয়ে নেওয়ার মত অনৈতিক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থান গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
এছাড়া পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনায় ইজারাদার কর্তৃক নির্ধারিত সংখ্যক কর্মী নিয়োজিত রাখা, হাটের পাশে ব্যাংকের বুথ খোলা রাখা, বাস-স্ট্যান্ডে নির্ধারিত স্থান ছাড়া বাস দাঁড় না করানো এবং ঈদের ছুটিতে বাড়িঘর ফাঁকা থাকার সুযোগে চুরি-ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়।
তাছাড়া এবছর সিলেটে কোরবানির পশুর চাহিদা ৮৩ থেকে ৮৪ হাজারের মতো হলেও প্রস্তুত রয়েছে লক্ষাধিক পশু। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ও হাটে নিরাপদ পরিবেশ বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের তদারকির জন্য সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে একটি তদারকি কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ , পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কোরবানির পশুর হাটের ইজারাদারগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
ঈদ, কোরবানি, পশুর হাট, এসএমপি, সিলেট মেট্রোপলিটন পুলিশ


