সিলেটে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড, ভারী বৃষ্টির আভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৬ জুন, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে জেলার কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘন্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ সকালের তুলনায় সন্ধ্যায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৮৯ শতাংশে।
বৃষ্টিপাতের পরিমাণের বিষয়ে আবহাওয়া অফিস জানায়, গত ১৫ জুন সকাল ৬টা থেকে ১৬ জুন সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর বাইরে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় আরও ২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামীকাল বুধবার (১৭ জুন) সিলেটে ভোর ৫টা ৩ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে সূর্যাস্ত হবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সিলেট আবহাওয়া, তাপমাত্রা, ভারী বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সিলেট বৃষ্টিপাত