২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

চা-বাগান রক্ষার দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২৯ মে, ২০২৫ ৬:২০ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন জাফলং চা-বাগানের শ্রমিক ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জাফলং চা-বাগান সংলগ্ন নদীর পাড়ে ও ব্রিজের ওপর দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে চা-বাগানবাসী। মানববন্ধনে শ্রমিক ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে জাফলং চা-বাগানের ব্যবস্থাপক সাহাব উল্লাহ সরকার বলেন, 'বোমা মেশিন মূলত একটি পাওয়ার পাম্প-চালিত যন্ত্র, যার শব্দ বোমা বিস্ফোরণের মতো বিকট। এই যন্ত্র নদীর গতিপথ পরিবর্তন করছে, বাগান ও রাস্তা-ঘাট নষ্ট হচ্ছে। গভীর রাতে এই যন্ত্র চালু থাকায় মানুষ ঘুমাতে পারছে না।'

স্থানীয় ইউপি সদস্য সইলেন দেব অভিযোগ করেন, 'প্রতিদিন রাতেই ১০০-১৫০টি বোমা মেশিন নদীতে চলে। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালিয়ে এসব যন্ত্র আংশিক ভেঙে দেয়, পরে তা আবার চালু হয়। এভাবে নাটক সাজিয়ে প্রশাসনের একশ্রেণি অবৈধতাকে প্রশ্রয় দিচ্ছে।'

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, চা-বাগানের সহকারী ব্যবস্থাপক কামাল হোসেন, ফিল্ড সুপারভাইজার কফিল উদ্দিন লিটন, মহিলা ইউপি সদস্য রিনি প্রধান, চা-বাগান পঞ্চায়েত কমিটির উপদেষ্টা সজল রঞ্জন চাষা, পরিচালনা কমিটির সভাপতি নিতাই পাল এবং সদস্য অঞ্জলি মাহালী।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জাফলং, গোয়াইনঘাট, অবৈধ বালু উত্তোলন, পাথর উত্তোলন, চা-বাগান, মানববন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ