০৩ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

কানাইঘাটে আজিজ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন


সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের নারাইনপুর আগফৌদ গ্রামের আজিজুর রহমান হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তার হওয়া বিলাল আহমদ (৪৮) একই গ্রামের কুদরত উল্লাহর ছেলে। তিনি মামলার চার নম্বর আসামি।


শনিবার (১ আগস্ট) রাত একটার দিকে র‍্যাব-৯-এর সহায়তায় সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে নিজ মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্বশত্রুতার জেরে আজিজুর রহমানের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, একই গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল ব্যক্তি ধারালো অস্ত্র, লোহার রড ও ছুরি দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ ঘটনায় আজিজুর রহমানের মা করিবুন নেছা বাদী হয়ে ১০ জনকে আসামি করে কানাইঘাট থানায় মামলা করেন। ঘটনার দিনই পুলিশ অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। পরে তাঁরা আদালত থেকে জামিনে মুক্তি পান।


চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।


ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর স্বজন ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


নিহতের স্ত্রী, অন্তঃসত্ত্বা তামান্না বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তার স্বামীকে পরিকল্পিত ভাবে গ্রামের প্রভাভশালীরা হত্যা করেছেন। বর্তমানে তিনি গর্ভাবস্থায় ২ সন্তানকে নিয়ে উৎকন্ঠার মধ্যে বসবাস করছেন এবং তার স্বামীর হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।’


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আজিজুর রহমানকে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলায় শুরুতেই ইয়াহিয়া ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তারা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আজিজুর রহমানের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হত্যা মামলা, কানাইঘাট, গ্রেপ্তার, আজিজ, র‍্যাব-৯, আদালত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ