১২ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৭:১০ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে নেতারা বলেন, জাতীয়তাবাদী যুবদলকে মাঠপর্যায়ে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। এই দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে আমাদের প্রিয় জননেতা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

তারা আরও বলেন, বর্তমান কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের কায়দায় অপপ্রচার চালিয়ে তাদের বিরুদ্ধে রাজপথের আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে যুবদলের এই নতুন কমিটি ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বলিষ্ঠ দিকনির্দেশনায় এবং এই পূর্ণাঙ্গ কমিটির যোগ্য নেতৃত্বে আগামী দিনে দেশের আপামর যুবসমাজ ঐক্যবদ্ধ হবে। জনগণের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যে কোনো আন্দোলন আগামীতে রাজপথে আরও বেগবান, তীব্র ও সফল হবে ইনশাআল্লাহ।

আনন্দ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব। পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল, রাহীম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ ও মাহবুবুর রহমান স্থান পাওয়ায় জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। আনন্দ মিছিলে জেলা ও মহানগর যুবদল, বিভিন্ন থানা, ওয়ার্ড ও পৌরসভা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, যুবদল, রাজনীতি, তারেক রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ