২০ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

বৃষ্টি বাড়ছে, নদী ফুলছে, সিলেটে বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ মে, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ন


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির চাপে সিলেট বিভাগের সকল নদনদীর পানি ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যার পূর্বাভাস জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

আজ বৃহস্পতিবার (২৯ মে) এফএফডব্লিউসি‌র প্রতিবেদনে জানানো হয়েছে যে সিলেটের সুরমা ও কুশিয়ারা, সুনামগঞ্জের জাদুকাটা, মৌলভীবাজারের মনু ও ধলাই এবং হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাড়ছে।

প্রতিবেদনের তথ্যমতে, আজ সকাল ৯টা পর্যন্ত সিলেটের সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার ৩৫৭ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ২২৪ সেন্টিমিটার, সুনামগঞ্জের ছাতক পয়েন্টে ২৫০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৪৪১ সেন্টিমিটার নিচে, কুশিয়ারা নদী আমলশীদে ৫৭০ সেন্টিমিটার, শেওলায় ৪৮৪ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে ৩০৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া মনু নদী মৌলভীবাজারে ৪৩৮ সেন্টিমিটার, ধলাই নদী কমলগঞ্জে ৪০২ সেন্টিমিটার, খোয়াই নদী হবিগঞ্জে ৪৫৫ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের যাদুকাটা নদী লাউড়েরগড় পয়েন্টে ২৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময়ে বৃষ্টিপাতের পরিমাণও উল্লেখযোগ্য ছিল। বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সিলেটে ১২ মিলিমিটার, সুনামগঞ্জে ১১ মিলিমিটার, জকিগঞ্জে ২০ মিলিমিটার, জাফলংয়ে ১৫ মিলিমিটার, কমলগঞ্জে ১২ মিলিমিটার এবং হবিগঞ্জে ৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এফএফডব্লিউসি জানিয়েছে, আগামী তিনদিন সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃষ্টি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং বিভাগের চার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।

এ ব‍্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান সিলেট ভয়েসকে বলেন, 'সিলেটের সুরমা, সুনামগঞ্জের যাদুকাটা, মৌলভীবাজারের মনু নদী এবং হবিগঞ্জের ধলাই নদীর পানি আগামী দুইদিনে বাড়বে এবং স্বল্প মেয়াদী একটি বন‍্যা দেখা দিতে পারে।'

তিনি বলেন, 'তবে দুইদিন পর বৃষ্টিপাত কমতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হলে সেটির ব‍্যবস্থা নিতে আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।'


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট বন্যা, সুরমা নদীর পানি বৃদ্ধি, যাদুকাটা নদী, মৌলভীবাজার মনু নদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ