১০ জুন ২০২৬

অপরাধ-বিচার / মামলা

ব্যভিচারের অভিযোগের মামলায় নাসির ও তামিমার খালাস

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ২:৩২ অপরাহ্ন


ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীকে খালাস দিয়েছেন আদালত। অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন।


আদালত সূত্র জানায়, মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তবে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে আদালত রায়ে উল্লেখ করেন।


মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান ঢাকার আদালতে এ মামলা করেন। তার অভিযোগ ছিল, আইনগতভাবে বৈবাহিক সম্পর্কের অবসান না ঘটিয়েই তামিমা সুলতানা তাম্মী ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন।


মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শেখ মো. মিজানুর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করা হয়।


পরবর্তীতে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তবে সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক ভিত্তি না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত নাসির ও তামিমাকে খালাসের রায় দিলেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী, নাসির তামিমা মামলা, ব্যভিচার মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ