০৮ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রোববার সন্ধ্যায় বৃষ্টি ও বজ্রপাতের সময় এসব ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়ধর আলীর ছেলে সুজন মিয়া (১৬)।


হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ও শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বৃষ্টির সময় শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করছিলেন রাহেলা বেগম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


অন্যদিকে বাহুবল উপজেলার বাসিন্দা রিংকু দেবনাথ বোনের বাড়িতে বেড়াতে চুনারুঘাটে এসেছিলেন। সন্ধ্যায় তিনি তার ভাগনে পিযুষ দেবনাথকে নিয়ে বাড়ির ছাদে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বজ্রপাত হলে দুজনই ছাদ থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথ চিকিৎসাধীন রয়েছেন।


একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার যুবক আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন সিয়াম মিয়া (১৭), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ মিয়া (২৫) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ বজ্রপাত, বজ্রপাতে মৃত্যু, শায়েস্তাগঞ্জ খবর, চুনারুঘাট সংবাদ, বানিয়াচং সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ