২৭ জুলাই ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠতে পারে? জানালো এআই

ভয়েস স্পোর্টস ডেস্ক

প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ১১:১০ অপরাহ্ন


বিশ্বকাপের এখনও বাকি বেশ কিছু সময়। তবে ফুটবলপ্রেমীদের মতো সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে হিসাব-নিকাশ শুরু করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক (এআই) বিভিন্ন প্ল্যাটফর্মও। সাম্প্রতিক পূর্বাভাসগুলোতে একটি বিষয় স্পষ্ট—২০২৬ বিশ্বকাপের শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেনকে।


ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি (ChatGPT) এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে ফ্রান্সকে সামান্য এগিয়ে রেখেছে। তবে ফরাসিদের এককভাবে শীর্ষ দাবিদার বলতেও সতর্ক অবস্থান নিয়েছে এআইটি। তাদের মূল্যায়নে, সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স, বড় টুর্নামেন্টে সাফল্য এবং কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বমানের তারকার উপস্থিতি ফ্রান্সকে এগিয়ে রেখেছে।


তবে ফ্রান্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে স্পেনের নামও উল্লেখ করেছে চ্যাটজিপিটি। ইউরো জয়ী দলটির তরুণ প্রতিভাবান ফুটবলারদের উত্থান এবং সাম্প্রতিক পারফরম্যান্সকে স্পেনের বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে লামিনে ইয়ামালের মতো উদীয়মান তারকাদের ঘিরে স্প্যানিশদের সম্ভাবনা নিয়ে আশাবাদী এআই।


এদিকে গুগলের জেমিনি (Gemini) কিছুটা ভিন্ন মূল্যায়ন দিয়েছে। শুরুতে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন—এই পাঁচ দলকে সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় রাখলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট একটি দলের নাম বলতে হলে স্পেনকেই বেছে নিয়েছে জেমিনি।


মজার ব্যাপার হলো, জেমিনির এই পূর্বাভাসের সঙ্গে মিল রয়েছে ফুটবল পরিসংখ্যান বিশ্লেষণে বহুল আলোচিত অপ্টা (Opta) সুপার কম্পিউটারের হিসাবেরও। দুই সপ্তাহ আগে প্রকাশিত এক পূর্বাভাসে অপ্টা স্পেনকে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখায়। তাদের হিসাবে, স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ১৬ দশমিক ০৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সম্ভাবনা ১২ দশমিক ৭৮ শতাংশ।


অন্যদিকে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক অব আমেরিকার এক বিশ্লেষণী প্রতিবেদনে মাইক্রোসফটের কোপাইলটকে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন চিত্র পাওয়া যায়। ‘দ্য বিউটিফুল গেম: বিওএফএ’স ওয়ার্ল্ড কাপ ২০২৬ গাইড’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, কোপাইলটের মূল্যায়নে ফ্রান্স ও স্পেন—দুই দলেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রায় সমান।


সব মিলিয়ে বিভিন্ন এআই প্ল্যাটফর্ম ও সুপার কম্পিউটারের হিসাব বলছে, ২০২৬ বিশ্বকাপের মঞ্চে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেনই সবচেয়ে বড় দাবিদার। তবে বিশ্বকাপের ইতিহাস বারবারই দেখিয়েছে, পরিসংখ্যান আর পূর্বাভাসের বাইরে মাঠের ফুটবলই শেষ কথা বলে। তাই ট্রফি কার হাতে উঠবে, সেই উত্তর জানতে অপেক্ষা করতেই হবে বিশ্বকাপের শেষ বাঁশি পর্যন্ত।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

২০২৬ বিশ্বকাপ, বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী, চ্যাটজিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট কোপাইলট, অপ্টা সুপার কম্পিউটার,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ