১০ জুন ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

মে মাসে সিলেটের সড়কে ঝরল ৫১ প্রাণ

সবচেয়ে বেশি প্রাণহানি মোটরসাইকেল দুর্ঘটনায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন

ছবিঃ প্রতীকী (এআই)

সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। বিদায়ী মে মাসে বিভাগের চার জেলায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৬৫ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী। শুধু এই শ্রেণির নিহতের সংখ্যাই ২০।


নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক পরিসংখ্যান প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার সংগঠনটির পক্ষ থেকে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।


প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের অন্য যেকোনো মাসের তুলনায় মে মাসে ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও বেশি ঘটেছে। ঈদ উপলক্ষে যাতায়াতের সময় সংঘটিত ৯টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। সংগঠনটির মতে, চলতি বছরে একক কোনো মাসে ঈদযাত্রা সংশ্লিষ্ট দুর্ঘটনায় এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।


জেলাভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। অন্যদিকে তুলনামূলকভাবে সবচেয়ে কম প্রাণহানির ঘটনা ঘটেছে মৌলভীবাজারে।


মে মাসে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ১৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন, আহত হয়েছেন ২০ জন। হবিগঞ্জে সাতটি দুর্ঘটনায় নয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আর মৌলভীবাজারে পাঁচটি দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন।


নিসচার পর্যবেক্ষণে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল ব্যবহারকারীদের সংখ্যা উল্লেখযোগ্য। মোট ৫১ জন নিহতের মধ্যে ২০ জনই ছিলেন মোটরসাইকেল চালক বা আরোহী। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট সড়ক দুর্ঘটনা, সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত, মে মাসের সড়ক দুর্ঘটনা, নিসচা সিলেট প্রতিবেদন, নিরাপদ সড়ক চাই

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ