সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৭ মে, ২০২৫ ৬:০৫ অপরাহ্ন
টানা বৃষ্টির পর হঠাৎ করেই বেড়ে গেছে তাপমাত্রা। মঙ্গলবার (২৭ মে) সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২৬ মে সকাল ৬টা থেকে ২৭ মে সকাল ৬টা পর্যন্ত) সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৯৫ দশমিক ৬ মিলিমিটার। তবে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার সিলেট শহরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় নেমে এসেছে ৫৫ শতাংশে। এতে করে দুপুরের সময় গরম অনুভূত হয়েছে তীব্রভাবে।
এদিকে পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট অঞ্চলের এক বা দুই জায়গায় বজ্রপাতসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত ও অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সিলেট আবহাওয়া অফিসে সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘জানুয়ারি থেকে মে পর্যন্ত হিসেব করলে আজকে সিলেটে তাপমাত্রা সর্বোচ্চ। যা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আমাদের পূর্বাভাসে আগামী কয়েকদিন বৃষ্টিপাত রয়েছে।'
এদিকে হঠাৎ এই গরমে জনজীবনে ভোগান্তি বেড়েছে। শহরের রাস্তায় দিনের বেলা মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। যারা বের হয়েছেন, তাদের অনেকেই মাথায় ছাতা বা গামছা ব্যবহার করেছেন রোদের হাত থেকে বাঁচতে।
আম্বরখানা এলাকায় খোলা শরবত বিক্রেতা লোকমান কাজী বলেন, 'এতোদিন একটানা মেঘ দিসিল গরমও আছিল, কিন্তু আজকে যে গরম পরছে মানুষের শরবত খাওয়ার চাহিদাও বাড়ছে। এইরকম গরম পড়লে রাস্তায় দাঁড়াইয়া কাজ করাও অনেক কষ্ট হয়ে যায়।'
সিলেট সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন সিলেট ভয়েসকে বলেন, 'যেহেতু সিলেটের তাপমাত্রা বেড়েছে সেক্ষেত্রে যতটুকু পারা যায় বাহিরে গেলে ছাতা ব্যবহার করা, রোদে কাজ করলে কাজ শেষে দ্রুত ছায়ায় গিয়ে বসা, এছাড়া বেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং বাহিরের খোলা বাজারে বিক্রি হওয়া পানীয়গুলো পরিহার করতে হবে কারণ এগুলো পান করলে ডায়রিয়া বা বিভিন্ন রকমের রোগ বালাই হতে পারে। যতটুকু পারা দিনের বেলা পরিহার করে বিকেলে অথবা সন্ধ্যায় করা।'
সিলেট তাপমাত্রা, সিলেটে গরম, সিলেট আবহাওয়া আপডেট, ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস,