২৬ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

টানা বৃষ্টিতে ক্রমাগত বাড়ছে সিলেটের নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ মে, ২০২৬ ১:৩৫ অপরাহ্ন

ছবিঃ সুরমা নদী

টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা উজানের ঢলে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। এর প্রভাবে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন ও পিয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সীমান্তঘেঁষা ও উজানসংলগ্ন পয়েন্টগুলোতে পানির প্রবাহ বেড়েছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার তথ্য অনুযায়ী সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন পয়েন্টের মধ্যে শেওলায় সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  করা হয়েছে। এ ছাড়া সিলেট নগরে ১০৩ মিলিমিটার, শেরপুরে ৯০ মিলিমিটার, কানাইঘাটে ৬০ মিলিমিটার এবং লোভাছড়ায় ১১ দশমিক ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

এদিকে, দুপুর ১২টার তথ্য অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি ১১ দশমিক শূন্য মিটার রেকর্ড করা হয়েছে। এই পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার। একই নদীর সিলেট পয়েন্টে পানি ছিল ৮ দশমিক ৪৭ মিটার, যেখানে বিপৎসীমা ১০ দশমিক ৮০ মিটার।

কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে পানি বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৪ মিটার। এ পয়েন্টের বিপৎসীমা ১৫ দশমিক ৮০ মিটার। শেওলা পয়েন্টে পানি ছিল ১০ দশমিক ৩৭ মিটার, বিপৎসীমা ১৩ দশমিক ০৫ মিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি ৮ দশমিক ৫৮ মিটার, যেখানে বিপৎসীমা ১০ দশমিক ৪৫ মিটার। শেরপুর পয়েন্টে পানি ৭ দশমিক ৪৫ মিটার রেকর্ড করা হয়েছে, এ পয়েন্টের বিপৎসীমা ৮ দশমিক ৫৫ মিটার।

এ ছাড়া সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে পানি ৮ দশমিক ৮৭ মিটার, বিপৎসীমা ১২ দশমিক ৩৫ মিটার। পিয়াইন নদীর জাফলং পয়েন্টে পানি ৮ দশমিক ১০ মিটার, বিপৎসীমা ১৩ দশমিক শূন্য মিটার। গোয়াইনঘাট পয়েন্টে পানি ছিল ৭ দশমিক ৮৮ মিটার, যেখানে বিপৎসীমা ১০ দশমিক ৮২ মিটার।

লোভাছড়া নদীর লোভাছড়া পয়েন্টে পানি ১১ দশমিক ৪১ মিটার এবং ধলাই নদীর ইসলামপুর পয়েন্টে পানি ৭ দশমিক ২৯ মিটার রেকর্ড করা হয়েছে।সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ দাস বলেন, ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজানের ঢল নামছে। একই সঙ্গে সিলেটেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ফলে আগামী কয়েক দিনে নদ-নদীর পানি আরও বাড়তে পারে।  


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, সুরমা নদী, নদ-নদী, পাউবো

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ