২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

লোভাছড়ায় নিলাম হওয়া পাথরের সরবরাহ শুরু, পুনরায় কোয়ারী চালুর দাবি

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ২৬ মে, ২০২৫ ১০:২২ অপরাহ্ন


সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় পরিবেশ অধিদপ্তরের জব্দ ও পরে নিলামে বিক্রি হওয়া ৪৪ লক্ষ ২১ হাজার ঘনফুট পাথরের সরবরাহ শুরু হয়েছে। 

সোমবার (২৬ মে) বেলা ১১টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিচালক বিএমডি (যুগ্ম সচিব) মো. ছরোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে পাথর সরবরাহের উদ্বোধন করেন।

তিনি বলেন, 'সিলেট অঞ্চলের শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের সবচেয়ে বড় কর্মসংস্থান হচ্ছে এই পাথর কোয়ারীগুলো।' 

লোভাছড়া পাথর কোয়ারীর বর্তমান পরিবেশ ভালো মন্তব্য করে তিনি জানান, নিলামকৃত পাথর সরবরাহের পর এসব কোয়ারী পুনরায় খুলে দেয়ার চিন্তাভাবনা সরকারের রয়েছে। তিনি কোয়ারী এলাকার পরিবেশ ভালো রাখতে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

একইসঙ্গে আগামী ৫ জুলাই সন্ধ্যার মধ্যে সব পাথর সরিয়ে নিতে নিলামকৃত পাথরের মালিক পিয়াস এন্টারপ্রাইজকে নির্দেশ দেন মো. ছরোয়ার হোসেন। প্রতিষ্ঠানটি ২৩ কোটি টাকা দিয়ে পাথর নিলাম নিয়েছে। 

এসময় সীমান্তবর্তী কানাইঘাট-জকিগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকার শত শত খেটে খাওয়া ও শ্রমিকরা উপস্থিত থেকে তাঁদের একমাত্র কর্মসংস্থান লোভাছড়া পাথর কোয়ারী পুনরায় খুলে দেওয়ার দাবি জানান।  

পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক মামুনুর রশিদ, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের কানাইঘাটের দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল উদ্দিন, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

লোভাছড়া পাথর কোয়ারী, পাথর নিলাম, কানাইঘাট পাথর ব্যবসা, কোয়ারী চালু দাবি, সিলেট পাথর পরিবহন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ