এমসি কলেজে বিশ্ব নাট্যদিবস উদযাপন, মঞ্চস্থ হলো পথনাটক ‘শয়তানের পাঠশালা’
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বিশ্ব নাট্যদিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ মে) সকালে কলেজ প্রাঙ্গণে পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের নাট্য ও সামাজিক সংগঠন ‘থিয়েটার মুরারিচাঁদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থী, নাট্যকর্মী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সময় পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. আকমল হোসেন। এছাড়া থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর জামাল উদ্দিনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল স্যাটায়ারধর্মী পথনাটক ‘শয়তানের পাঠশালা’। রূপকের আশ্রয়ে নির্মিত এই নাটকটিতে আধুনিক ভোগবাদী সমাজ, প্রযুক্তির অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘রিলস’ আসক্তি এবং নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গাত্মক বার্তা তুলে ধরা হয়। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন অনিক প্রধান।
পথনাটক ছাড়াও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
থিয়েটার মুরারিচাঁদের সভাপতি প্রতীক সিংহ এবং সাধারণ সম্পাদক অনিক প্রধান জানান, নাটক ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মাঝে সামাজিক সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও সমাজসচেতনতামূলক নাট্যচর্চা ও ইতিবাচক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে তরুণদের সম্পৃক্ত রাখার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিশ্ব নাট্যদিবস, এমসি কলেজ সিলেট, থিয়েটার মুরারিচাঁদ, পথনাটক শয়তানের পাঠশালা, সিলেট সাংস্কৃতিক অনুষ্ঠান