১৫ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

উইকেট নাকি ওয়েদার, সিলেটে কোন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ-পাকিস্তান?

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৫ মে, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন


সকালের শুরুটা কড়া রোদ দিয়ে। দিন যত গড়ায় আকাশ তত মেঘলা হয়। কখনো গুড়ি গুড়ি, কখনো ঝুম বৃষ্টি। সিলেটে গত কয়েকদিনের আবহাওয়া একই রকম।

রোদ-বৃষ্টির লুকোচুরি খেলার ফাঁকে সিলেট টেস্টের মহারণের আগে অনুশীলন সারল দুই দল। বাংলাদেশ দল ঐচ্ছিক অনুশীলনে এসেছিল সকালে। ঠিকঠাক অনুশীলন শুরু করলেও বৃষ্টি বাগড়া দেয়। পরে আবার থামলে আবার অনুশীলন শুরু হয়। কিন্তু পুরোটা সময় করতে পারেননি। আগেভাগেই শেষ করতে হয় প্রস্তুতি।

পাকিস্তান দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে মাঠে আসে। জুমআ নামাজের পর ইনডোরেই চলে তাদের অনুশীলন। ঢাকা টেস্টের যন্ত্রণা ভুলে আগামীকাল তারা সিলেটে প্রথমবার বাংলাদেশের আতিথেয়তা নেওয়ার অপেক্ষায়।

ঢাকা টেস্টে অভাবনীয় জয় পায় বাংলাদেশ। পাকিস্তান সিলেট টেস্টে প্রতিশোধ নিতে মুখিয়ে। বাংলাদেশকে হারানোর কাজটা চ্যালেঞ্জ হবে না তা বেশ ভালো করেই জানে পাকিস্তান। এজন্য ইনডোরের অনুশীলনে চুল পরিমাণ ছাড় দেয়নি তারা।

শুধু তা-ই নয়, অনুশীলন শেষে মূল স্টেডিয়াম পেরিয়ে ড্রেসিংরুমে যাওয়ার পথে উইকেট নিয়ে রীতিমত গবেষণাই করেছেন ক্রিকেটাররা। কাভার উঠানোর পর শুরুটা হয়েছিল শান মাসুদ, মোহাম্মদ আব্বাসকে দিয়ে। এরপর যারাই উইকেট পেরিয়েছেন প্রত্যেকেই অন্তত ১-২ মিনিট উইকেট দেখেছেন।

এই টেস্ট দিয়ে বাবর আজম ফিরছেন। ঘাস থাকা উইকেট দেখেছেন তিনি। শেষ বিকেলে উইকেটে ঘাস কাটা হয়নি। তবে রোল করা হয়েছে বেশ সময় ধরেই। গতকাল মাঠ ও উইকেট আলাদা করা যাচ্ছিল না। একেবারে সবুজাভ হয়ে ছিল স্টেডিয়াম। আজ কিছুটা আলাদা করা গেছে।

এই ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ওয়েদার। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচদিনই। তবে স্থানীয় কিউরেটর ধারণা দিলেন, বৃষ্টি ও রোদ মিলিয়েই চলছে দিনকাল। কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটু পরই আবার কড়া রোদ। বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম মনে করছেন, উইকেটের চেয়ে ওয়েদারই বড় চ্যালেঞ্জ তৈরি করবে।

মুশফিকুর রহিম বলেন, আমার কাছে মনে হয় এখন কম্পারেটিভলি উইকেটের চেয়ে ওয়েদারটা একটা বড় চ্যালেঞ্জ। সম্প্রতি আমরা এখানে বিসিএলের একটা ম্যাচ খেলেছি। সিলেট বরাবরই খুব সুন্দর ব্যাটিং উইকেট হয়ে থাকে। ওয়েদারের কারণে হয়তো বল একটু ময়েশ্চার থাকতে পারে উইকেটে। কিন্তু সিলেটে টেস্ট ম্যাচ খেলা সব সময়ই আনন্দের। এখানকার ফ্যাসিলিটিসও বাংলাদেশের ওয়ান অফ দা টপ ক্লাস। 

পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ ওয়েদার কিংবা উইকেট কোনো কিছুর ওপর মনোযোগ নেই। তার ভাষ্য, ‘দেখুন ওয়েদারের ওপর আমাদের কোনো হাত নেই। আমাদেরকে ভালোমানের ক্রিকেট খেলতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হেরে যাওয় প্রবল সমালোচনার মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা কড়া সমালোচনা করেছেন। সাবেক ক্রিকেটাররাও তাদের ধুয়ে দিয়েছেন। সরফরাজের সেদিকে কোনো খেয়াল নেই। তিনি বলেন, ‘আমাদের সিনিয়র খেলোয়াড়দের সমালোচনা নিয়ে কথা বলছেন; এটা আমাদের জন্য নতুন কিছু নয়। অবশ্যই, আমরা সবাই জানি যে আমরা যদি ভালো ক্রিকেট না খেলি, তাহলে সমালোচনা হবেই। তাই আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়গুলো নিয়ে চিন্তা করছি না; আমাদের মূল লক্ষ্য হচ্ছে পরের ম্যাচে ভালো খেলা।

সিলেট টেস্টে দুই দলে একাধিক পরিবর্তন আসতে পারে। সাদমান ইসলাম চোটের কারণে দলে নেই। তার জায়গায় জাকির হাসানকে নেয়া হলেও অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিমকে খেলানো হতে পারে। এছাড়া পেসার ইবাদত হোসেনের জায়গায় খেলার সুযোগ আছে শরিফুল ইসলামের। পাকিস্তানের একাদশে ফিরবেন বাবর আজম। তিনি কার জায়গায় ফিরবেন সেটা বিরাট প্রশ্নের। এছাড়া পাকিস্তান দলে একজন বাড়তি পেসারও নিতে পারে।

পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টেস্টে তিনটিই জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ তাদেরকে সিলেটে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায়। মুশফিকুর রহিমের বিশ্বাস, একই ধারাবাহিকতায় খেলতে পারলে বাংলাদেশ সিলেট টেস্টও জিতে যাবে। মুশফিক বলেন, ‘পাকিস্তান দল সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট- সব ফরম্যাটেই তারা অনেকদিন ধরে ধারাবাহিকভাবে লড়াই করছে, এটা স্বাভাবিক। তবে আমি এটা বলতে চাই না যে তারা খারাপ খেলছে বলেই আমরা জিতছি। বরং আমরা তাদের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি বলেই জিতছি। আমাদের কোনো ব্যতিক্রম থাকবে না। এই ম্যাচে ইনশাআল্লাহ যতটুকু খেলা হয়, যদি আমরা ভালো খেলতে পারি এবং কাঙ্ক্ষিত ফল আনতে পারি, তাহলে সেটা অবশ্যই বড় একটি চ্যালেঞ্জ জয় হবে। তবে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ আমরা সেই পথেই এগোবো।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশ, টেস্ট, খেলাধুলা, ক্রিকেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ