
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাত অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে নদীর দুই তীরে ভাঙন শুরু হয়েছে। এতে স্থানীয় সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
শনিবার (৯ মে) উপজেলার ভাঙ্গাপাড়া ও মাটগাঁও গ্রামের সংলগ্ন খাসিয়ামারা নদী এলাকা ঘুরে দেখা যায়, একাধিক ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর তীর ঘেঁষে বালু তোলার কারণে বিভিন্ন স্থানে ভাঙনের চিহ্ন দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তারা জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ধসে পড়ছে। এতে আশপাশের বাড়িঘর, কৃষিজমি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের নদীভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই বলেন, ‘দিন-রাত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজারের বিকট শব্দ ও ধুলাবালির কারণে বিদ্যালয়ের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে।’
শিক্ষার্থী সিয়াম জানায়, ড্রেজার মেশিনের তীব্র শব্দে তারা অতিষ্ঠ। এতে তাদের পড়ালেখায় নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে ইজারাদার হারুন অর রশিদ বলেন, ‘আমরা গত রাতে খবর পেয়েছি ৪-৫টা ড্রেজার চলছে। ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে এগুলো আজ সরাবো। আগামীকাল যদি এগুলো (ড্রেজার) চলে তাহলে ইউএনও অভিযান চালাবেন। আজকের পর থেকে এই নদীতে আর ড্রেজার চলবে না।’
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ‘আমরা এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম। সহকারী কমিশনার (ভূমি)কে বলে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শেয়ার করুনঃ
অপরাধ-বিচার থেকে আরো পড়ুন
সুনামগঞ্জ, দোয়ারাবাজার, নদী, ড্রেজার, বালু উত্তোলন


