০৩ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সিলেটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ মে, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন


সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৬ দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। 


এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের বেশিরভাগ নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। তারা সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন। 


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 


নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফখরুল আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেঁততি গ্রামের বসির মিয়ার মেয়ে মোছা. মুন্নি (২৬), উপজেলার ভাটিপাড়া নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫), ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারার সুরত আলীর ছেলে মো. বদরুল জামান (৪০), একই উপজেলার শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস (২০)। বাকি দুইজনের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টোদিক থেকে আসা কাঠাল ভর্তি একটি ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। 


মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে এসএমপি।


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, সড়ক দুর্ঘটনা, নিহত,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ