সিলেট জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, বিকাশে টাকা দাবি
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
সিলেট জেলা প্রশাসনের একটি ফোন নম্বর হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জরুরি প্রয়োজনের কথা বলে টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। হ্যাক হওয়া নম্বরটি হলো ০১৭৩০৩৩১০২২।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকাররা নম্বরটির নিয়ন্ত্রণ নিয়ে প্রতারণামূলকভাবে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাইছে।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকী সাহা বলেন, শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের ওই নম্বরটি হ্যাক হওয়ার বিষয়টি জানা যায়। খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং নম্বরটি পুনরুদ্ধারের কাজ চলছে।
তিনি জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, হ্যাক হওয়া নম্বর থেকে পাঠানো কোনো বার্তার ভিত্তিতে কাউকে টাকা না পাঠানোর জন্য সতর্ক করা হয়েছে। প্রতারণামূলক এ কর্মকাণ্ড সম্পর্কে সচেতন না হলে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির শিকার হতে পারেন বলেও তিনি জানান। হ্যাক হওয়া নম্বরটি পুনরুদ্ধার এবং হ্যাকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
শনিবার হ্যাক হওয়া নম্বর থেকে এক সাংবাদিকের কাছে পাঠানো একটি বার্তায় জরুরি প্রয়োজনে ১৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ করা হয়। ওই বার্তায় ০১৩৫১২২৪৯৫৫ নম্বরের একটি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে হ্যাক হওয়া নম্বর থেকে টাকা চেয়ে পাঠানো কোনো বার্তায় সাড়া না দিতে এবং এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসন, হোয়াটসঅ্যাপ হ্যাক, বিকাশ প্রতারণা, সাইবার নিরাপত্তা, আইনগত ব্যবস্থা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট