০২ মে ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটের সড়ক সংস্কার ও রেল উন্নয়নে দ্রুত কাজের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ মে, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন


সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ঢাকা-সিলেট যাতায়াত সহজ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সড়কের পাশাপাশি রেলপথ উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে।


শনিবার সিলেট সিটি কর্পোরেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের সময় সড়কপথে সিলেট থেকে ঢাকায় যাতায়াত করতে গিয়ে দীর্ঘ ভোগান্তির অভিজ্ঞতা হয়েছে তাঁর। তিনি বলেন, আকাশপথে অল্প সময়ে যাওয়া গেলেও সড়কপথে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে, যা মানুষের জন্য অত্যন্ত কষ্টকর।


তিনি বলেন, সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জানা গেছে, বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও জমি অধিগ্রহণ সমস্যার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই সড়ক উন্নয়নকাজ শুরু হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে তা সম্পন্ন করা সম্ভব হবে। এতে ঢাকা-সিলেট যাতায়াত অনেক সহজ ও স্বস্তিদায়ক হবে।


তবে শুধু সড়ক উন্নয়ন করলেই সমস্যার সমাধান হবে না উল্লেখ করে তিনি বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি। রেলপথে যাতায়াত তুলনামূলক কম খরচের এবং পণ্য পরিবহনেও এটি কার্যকর ভূমিকা রাখে।


তিনি আরও জানান, সরকার সারাদেশে রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা যায়।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জনসংখ্যা বেশি হলেও ভূমির পরিমাণ সীমিত। অতিরিক্ত সড়ক নির্মাণের ফলে ফসলি জমি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই সড়ক ও রেল—উভয় খাতে সমন্বিত উন্নয়ন প্রয়োজন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

প্রধানমন্ত্রী, ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন, রেলপথ, সড়কপথ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ