সুনামগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানাতে হটলাইন চালু
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে টানা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এদিকে বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল টাওয়ারগুলোও বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় কার্যত অচল হয়ে পড়েছে টেলিযোগাযোগ ব্যবস্থাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছেন উপজেলা সদরের বাসিন্দারা। তারা জানান, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে উপজেলা সদরের কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে অন্তত ২ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
শাল্লা উপজেলা সদরের ব্যবসায়ী সুলতান মিয়া বলেন, ৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় আমাদের ব্যাবসার অনেক ক্ষতি হচ্ছে, ফ্রিজে রাখা পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ৫ বার কল দিলে একবার কল যায়।
স্থানীয় মোটরসাইকেলের চালক ইব্রাহীম মিয়া বলেন, তিন দিন ধরে বিদ্যুৎ নেই, মোবাইলেও নেটওয়ার্ক নেই। খুব জরুরি প্রয়োজনেও কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। চরম কষ্টে আছি।
এদিকে এসএসসি পরীক্ষার্থীরাও পড়েছেন বিপাকে। গিরিধর উচ্চ বিদ্যালয় এর পরীক্ষার্থী পুস্পিতা তালুকদার জানান, “বিদ্যুৎ না থাকায় ঠিকমতো পড়াশোনা করতে পারছি না।মোমবাতি জ্বালিয়ে পড়তে হচ্ছে। ঝড়ো বাতাসে বার বার বাতি নিভে যাচ্ছে। চলমান মাধ্যমিক পরীক্ষার সময়ে এই ভোগান্তিতে আমাদের প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ জানান, ঝড়ে আমাদের বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পরেছে। ক্ষতিগ্রস্ত খুঁটি ও লাইন মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।
শাল্লা বিদ্যুৎ, সুনামগঞ্জ নেটওয়ার্ক, বিদ্যুৎ বিভ্রাট, ঝড়ের ক্ষতি, এসএসসি ভোগান্তি