২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামছুল আবেদীন আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ১২:১৬ অপরাহ্ন


সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামছুল আবেদীন (৮০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ সোমবার দুপুর ২টায় লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

মরহুম দেওয়ান শামসুল আবেদীনের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ছিল বৈচিত্র্যময়। দেওয়ান শামসুল আবেদীন সাবেক সিলেট-৩ (বর্তমান সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা বিএনপির সভাপতিও ছিলেন। ১৯৯১ সালে সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯৬ সালে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০০১ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সুনামগঞ্জ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৮ সালে তিনি স্বতন্ত্র হিসেবে একই আসনে নির্বাচন করেছিলেন। কিন্তু জয়ী হতে পারেননি। ২০২৩ সালের ২০ নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছিলেন, তবে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নানা ষড়যন্ত্রের অভিযোগ এনে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। 

এদিকে দেওয়ান শামসুল আবেদীনের ছোট ভাই দেওয়ান জয়নুল জাকেরীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার বড় ভাই, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন আর আমাদের মাঝে নেই।তিনি শুধু আমাদের পরিবারেরই নন, অসংখ্য মানুষের ভালোবাসার একজন প্রিয়  মানুষ ছিলেন। তাঁর সততা, নেতৃত্ব, মানবিকতা এবং মানুষের জন্য নিঃস্বার্থ কাজ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা হারালাম একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক এবং একজন ছায়াদানকারী মানুষকে। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
সবার কাছে তাঁর রূহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করছি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হাসন রাজা, দেওয়ান শামছুল আবেদীন, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ